টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্ষুদ্র ব্যবসা ও দাতব্য সংস্থাগুলোর জন্য অনুদান তহবিল : পড়ুন কাউন্সিল সংবাদ

484

ওয়ানবাংলানিউজ: মহামারী মোকাবেলার অংশ হিসেবে সরকার স্মল বিজনেস গ্র্যান্ট ফান্ড এবং দ্যা রিটেল, লেজার এন্ড হসপিটালিটি গ্র্যান্ট ফান্ড এর মাধ্যমে ছোট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে।
যদিও এই তহবিল অনেকের জন্য স্বস্তি বয়ে আনলেও নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্ভূক্ত না হওয়ায় এবং বিজনেস রেটপেয়ার্স না হওয়ায় কিছু কিছু ব্যবসায় এই অনুদানগুলো থেকে বাদ পড়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ক্ষুদ্র ব্যবসা, মার্কেট ট্রেডার্স এবং চ্যারিটি বা দাতব্য সংগঠনগুলো, যারা আগের স্কীমগুলোতে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারেনি, তাদেরকে সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন অনুদান স্কীম চালু করা হয়েছে। এই স্কীমে আবেদন গ্রহণ কার্যক্রম ১৫ জুন থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৬ জুলাই ২০২০ সোমবার।

মেয়রকে প্রশ্ন করার বিশেষ ইভেন্ট ‘আস্ক দ্যা মেয়র’ ২৩ জুন
২৩ জুন বিকাল ৭টা থেকে রাত ৮.৩০টা পর্যন্ত টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এর ভার্চ্যূয়াল ‘আস্ক দ্যা মেয়র’ ইভেন্ট অনুষ্ঠিত হবে।
স্থানিয় যে বিষয়গুলো আপনার কাছে গুরুত্ব বহন করে, সেসম্পর্কে মেয়রের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন।
অনলাইনে মেয়রের সাথে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিতে আগ্রহীরা এই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করতে অনুরোধ করা হয়েছে।

 

প্রাপ্তবয়স্কদের সোশ্যাল কেয়ার চার্জ সম্পর্কে আপনার অভিমত জানান
কমিউনিটি ভিত্তিক এডাল্ট সোশ্যাল কেয়ার সার্ভিসগুলোর ব্যয় নির্বাহে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা কি পরিমাণ অর্থ প্রদান করবেন, তা নিরূপনের পন্থায় পরিবর্তন আনার প্রস্তাবণার ওপর কাউন্সিল এখন গণপরামর্শ কার্যক্রম শুরু করেছে। প্রাপ্ত বয়স্কদের জন্য প্রদত্ত সোশ্যাল কেয়ার সার্ভিসগুলোর মধ্যে রয়েছে, কোন ব্যক্তিকে তার ঘরে গিয়ে পরিচর্যা সেবা প্রদান, ডে কেয়ার সেন্টারে পরিচর্যা সেবা প্রদান এবং কাউন্সিলের কাছ থেকে ডিরেক্ট পেমেন্টে পরিচর্যা সেবা ক্রয়।
কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য সকল কাউন্সিলের মতো আমরাও উল্লেখযোগ্য আর্থিক চাপের মুখোমুখি হচ্ছি। আমরা যে পরিবর্তনগুলো প্রস্তাব করছি, তা একটি টেকসই সোশ্যাল কেয়ার সার্ভিস অব্যাহত রাখা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ সাশ্রয়ে সহায়তা করবে।
বিস্তারিত জানতে এবং নিজের অভিমত তুলে ধরতে https://talk.towerhamlets.gov.uk/changes-to-adult-care-charges এই ওবেসাইট ভিজিট করুন।

 

গণপরিবহনে চলাচলের সময় মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক

করোনাভাইসরাস সংক্রান্ত পরামর্শ ও বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার।
এর মধ্যে রয়েছে, গণপরিবহনে চলাচলের সময় জার্নির পুরোটা সময়ই মাস্ক পরা বা মুখ ঢেকে রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে। ১৫ জুন সোমবার থেকে চালু হওয়া নতুন এই নিয়ম অনুযায়ি অন্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা হ্রাস করতে ট্যাক্সি এবং প্রাইভেট হায়ার ভেহিক্যালে (ব্যক্তিগত ভাড়াকরা গাড়ি) অবস্থানকালীন পুরোটা সময়ও মুখ ঢেকে রাখতে হবে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যতটুকু সম্ভব, গণপরিবহনে যাতায়াত এড়ানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে। এছাড়া ব্যস্ত স্টেশনগুলো এবং পিক টাইমে (ভোর ৫.৪৫ টা – ৮.১৫টা এবং বিকাল ৪টা – ৫.৩০টা পর্যন্ত) যাতায়াত না করতেও পরামর্শ দেয়া হয়েছে।
ভিড়ের মধ্যে বা আবদ্ধ স্থানে, যেমন দোকানপাটের ভেতরে লোকজনকে অবশ্যই মাস্ক পরতে হবে।
আরো যেসকল গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, তার মধ্যে রয়েছে:
যদি আপনি একা একা বাস করেন অথবা নির্ভরশীল বাচ্চা সহ একমাত্র অভিভাবক (সিঙ্গল প্যারেন্ট) হন, তাহলে আপনি অন্য কোন পরিবারের সাথে ‘সাপোর্ট বাবল’ তৈরী করতে পারবেন।
উপাসনালয় যদি ব্যবহারের উপযোগী নিরাপদ করা হয়ে থাকে, তাহলে আপনি সেখানে একা প্রার্থনা করার জন্য যেতে পারবেন।
১৫ জুন থেকে সকল দোকান পাট এবং কিছু কিছু আউটডোর আকর্ষন যেমন ড্রাইভ-ইন সিনেমা, জু ও সাফারি পার্কও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।
বিস্তারিত তথ্য জানতে সরকারী এবং এনএইচএস এর ওয়েবাসইট ভিজিট করুন।

 

টাওয়ার হ্যামলেটসের জন্য ‘স্ট্রিটস্পেস’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধ করতে এবং সোশ্যাল ডিসটেন্সিং বা সামাজিক দূরত্বের বিধি যথাযথভাবে কার্যকর করতে বো’র রোমান রোড এলাকায় সাময়িকভাবে পথচারিদের জন্য অতিরিক্ত জায়গা বরাদ্দ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
বারার অন্যান্য স্থানেও একি ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে কাউন্সিল কাজ করে যাচ্ছি। আপনি আপনার এলাকা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাই এ ব্যাপারে কাউন্সিল আপনার কাছ থেকে শুনতে চায়।
ব্যস্ত এলাকা সম্পর্কে সুপারিশ করতে হলে https://talk.towerhamlets.gov.uk/streetspace এই ওয়েবসাইট ভিজিট করুন।

 

অবৈতনিক তরুণ কেয়ারারদের জন্য সহায়তা
টাওয়ার হ্যামলেটসে, আনুমানিক প্রায় ২৫ হাজার অবৈতনিক কেয়ারার বা পরিচর্যাকারী রয়েছেন, যাদের ৩ হাজার ৩০০ জনই হচ্ছেন কিশোর বা তরুণ বয়সী।
কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা পারিশ্রমিকে অন্যের দেখভাল বা পরিচর্যাকারীদের সহযোগিতা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ১৬ বা ততোধিক বয়সের কেয়ারারদেরকে কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটসের মাধ্যমে সহযোগিতা দেয়া হচ্ছে। এছাড়া আমাদের ইয়াং কেয়ারার প্রজেক্টের মাধ্যমে আমরা ৮ থেকে ১৮ বছর বয়সী কেয়ারারদের সহায়তামূলক সেবা দিয়ে যাচ্ছি।
এই সার্ভিসগুলো এখন মূলত ভার্চ্যূয়েলি পরিচালিত হচ্ছে এবং সোশ্যাল ক্লাব ও মেডিটেশন সেশনগুলোর মতো অনেক কার্যক্রম জুম কলের মাধ্যমে চালানো হচ্ছে। কেয়ারার সপ্তাহ পালনের অংশ হিসেবে কিশোর তরুণ বয়সী কেয়ারারদের নতুন কিছু শেখার এবং স্বীকৃতি অর্জনে লক্ষ্যে কাজ করার সুযোগ দিতে একটি আকর্ষনীয় ভার্চ্যূয়াল মিউজিক প্রজেক্ট চালু করা হয়েছে।
ইয়াং কেয়ার হিসেবে নিবন্ধিত হতে অথবা বিস্তারিত তথ্য জানতে চাইলে ইমেইল করুন Young.Carers@Towerhamlets.gov.uk অথবা ০৭৯২৩ ২৪২৪৪৯ এই নাম্বারে কল করুন।

 

করোনাভাইরাস সাপোর্ট লাইন – খোলা থাকার পরিবর্তিত সময়সূচি
করোনাভাইরাস সাপোর্ট ফোনলাইন (০২০ ৭৩৬৪ ৩০৩০) এর অপেনিং আওয়ার্স অর্থাৎ খোল থাকার সময়ে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই ফোনলাইনটি সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া নাম্বারটি আর আগের মতো উইকেন্ডে (শনি, রবিবার) অথবা বিকাল ৫টার পর খোলা থাকবে না।

 

টেস্ট এন্ড ট্রেস: কিভাবে প্রতারণকে চিহ্নিত করবেন
ভূয়া কন্টাক্ট ট্রেসারের প্রতারণার জালে ধরা না দিতে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং চ্যারিটি সংগঠনগুলো পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেস্ট এন্ড ট্রেসিং কাজে নিয়োজিত কর্মীরা কখনোই আপনার কাছে আর্থিক বিবরণ, পিন নাম্বার বা ব্যাংকিং পাসওয়ার্ড জিজ্ঞেস করবে না এবং ট্রেসাররা কখনোই আপনার হোম ভিজিট করবে না।
প্রবীণ বা অসহায় লোকজন বিশেষভাবে ঝুঁকিতে থাকতে পারেন। তাই, এটা সকলেরই জানা থাকা গুরুত্বপূর্ণ যে, সরকারি কন্টাক্ট ট্রেসাররা কিভাবে যোগাযোগ করবে।
কিভাবে টেস্ট এন্ড ট্রেস কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এ ব্যাপারে কীভাবে সতর্ক থাকবেন, সেটা জানতে http://www.gov.uk/guidance/nhs-test-and-trace-how-it-works এই ওয়েবসাইট ভিজিট করুন।

 

 

গ্রেণফেল ট্রেজেডি স্মরণে সেন্ট জর্জেস টাউন হলো আলোক প্রজ্জলন
গ্রেণফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের তৃতীয় বছরপূর্তিতে নিহতদের স্মরণে ১৩ জুন শনিবার রাতে টাওয়ার হ্যামলেটসের ঐতিহাসিক সেন্ট জর্জেস টাউন হল সবুজ আলোয় উদ্ভাসিত করা হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকান্ডে নিহত ৭২ জন এবং তাদের স্বজনহারা পরিবার, আহত এবং জীবিতভাবে সেই ভবন থেকে উদ্ধার পাওয়া লোকজন যারা এখনো ভয়াবহ সেই স্মৃতিকে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন – তাদের সকলকে আমরা স্মরণ করি, আমাদের ভাবনায় আছেন তারা। একই সাথে আমরা সেদিন জরুরি বিভাগের যেসকল কর্মী জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে মানুষের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।
সারা দেশব্যাপি ‘গ্রীণ ফর গ্রেনফেল’ শীর্ষক এই স্মরণ অনুষ্ঠানের অংশহিসেবে ক্যানরি ওয়ার্ফের সর্বোচ্চ তলাকে সবুজ আলোয় উদ্ভাসিত করা হয়। এছাড়া নিহতদের স্মরণে রোববার টাওয়ার হ্যামলেটসের চার্চগুলো ঘন্টাধ্বনি বাজায়।

 

প্রয়োজনীয় নিরাপত্তার সাথে আবার খোলা হলো দোকানপাট
সরকারি নির্দেশিকা অনুসারে সুরক্ষামূলক ব্যবস্থাদি কার্যকর করা সাপেক্ষে বারার সকল দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছে।
সুরক্ষামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে টিলে প্লাস্টিক স্ক্রিণ লাগানো এবং ফ্লোরে ক্রেতাদের মধ্যে দুই মিটার দূরত্ব নিশ্চিত করতে মার্কিং সাঁটানো। অর্থাৎ সুপারমার্কেটগুলোতে যে ব্যবস্থাগুলো দৃশ্যমান রয়েছে, তা-ই দোকানপাটগুলোতে করতে বলা হয়েছে।
যদিও খাবারের দোকানপাট, ফার্মেসি, ব্যাংক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান উন্মুক্ত থাকলেও, গত ২৩ মার্চ থেকে বুক শপ, জামা কাপড়ের দোকানপাটগুলো বন্ধ ছিলো।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি যখন শপিংয়ে যাবেন, দয়া করে অন্যদের কাছ থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখুন, যেখানে হ্যান্ড সেনিটাইজার পাবেন, তা ব্যবহার করুন এবং যেটি আপনি কিনবেন, শুধু সেটিই স্পর্শ করুন। যত বার সম্ভব এবং বাড়িতে পৌঁছার সাথে সাথেই ভালো করে হাত ধুয়ে নিন।
আরো পরামর্শ পেতে হলে http://www.gov.uk/coronavirus এই ওয়েবসাইট ভিজিট করুন।

 

‘শিল্ডিং’ গ্রুপভূক্ত বাসিন্দাদের সহায়তা দেয়া হচ্ছে: কাউন্সিলর ব্লেইক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে থাকা যেসকল বাসিন্দাকে ‘শিল্ডিং’ বা অতি সুরক্ষিত অবস্থায় থাকতে বলা হয়েছে, তাদেরকে আশ্বস্ত করে একটি ভিডিও বার্তা দিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর র‌্যাচেল ব্লেইক।
শিল্ডিং লোকজনের জন্য হালনাগাদকৃত সরকারি পরামর্শের সম্পূরক হিসেবে দেয়া এই ভিডিও বার্তায় তিনি পরামর্শগুলোকে তুলে ধরেছেন। এতে রয়েছে এখন থেকে শিল্ডিং গ্রুপভূক্ত বাসিন্দারা দিনে একবার নিজের পরিবার বা নিজ ঘরে বাসকারী কোন এক সদস্যের বাইরে যেতে পারবেন অথবা একা একা বসবাসকারীদের ক্ষেত্রে অন্য যে কোন একজনের সাথে দেখা করতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার একই ব্যাক্তি হওয়াটা উচিত হবে।
তিনি তার বার্তায় বলেন, শিল্ডিং গ্রুপভূক্ত বাসিন্দারা কিভাবে আপডেট নির্দেশিকা নিরাপদে অনুসরণ করতে পারেন, সেসম্পর্কে আরো বিশদ তথ্য দিতে আমরা স্থানীয় স্বাস্থ্য বিভাগীয় অংশিদারদের সাথে কাজ করে যাচ্ছি।
আপনি যদি এই গ্রুপে (শিল্ডিং) থাকেন, তাহলে সর্বদা এনএইচএস এর সর্বশেষ পরামর্শগুলো অবহিত হন। মনে রাখবেন, শিল্ডিং কাজ করছে এবং আপনি যদি উচ্চ ঝুঁকিতে থাকেন, তাহলে আপনার সুরক্ষায় এটিই হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়।
কাউন্সিলের টুইটার একাউন্টে গিয়ে  http://(twitter.com/TowerHamletsNow/status/1272786431480606720) কাউন্সিলর র‌্যাচেল ব্লেইক এর ভিডিও বার্তাটি দেখা যাবে।